নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবার কোলে ২ সন্তানের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী বাবার কোলে থাকা দুই মাস বয়সী ইজাদ এবং তার বড় ভাই চার বছর বয়সী ইহানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে ওসি মনিরুজ্জামান এবং বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ইজাদ ও ইহান রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেনের সন্তান। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকিব হোসেন (৩৫), তার স্ত্রী এমি খাতুন (৩২) এবং মা কণা বেগম (৬০)। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে রাজশাহী শহরের নিজ বাড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন আকিব হোসেন। পথে বড়াইগ্রামের রয়না পাম্প এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী থেকে ঢাকায় ফিরছিলেন ওই প্রকৌশলী। তিনি স্বপরিবারে একটি মাইক্রোবাসে যাত্রা করছিলেন। মাইক্রোবাসে তিনি চালকের পাশের আসনে বসে কোলে দুই মাস বয়সী শিশু ইজাদকে এবং পাশে অপর সন্তান ইহানকে নিয়ে ছিলেন।

পথিমধ্যে বড়াইগ্রামের চকপাড়া এলাকায় একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাস বয়সী ইজাদের মৃত্যু হয় এবং আরও চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথে ইহানেরও মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।