ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উপজেলার খারুয়া বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ আদেশ জারি করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানান তিনি।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় মাত্র দুই শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে খারুয়া গ্রামের আব্দুর রউফ ভূঁইয়া ও পাশের নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত কয়েক দিনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
গত বুধবার ও বৃহস্পতিবার দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নান্দাইল উপজেলার খারুয়া বাজারে ধাওয়া পাল্টা ধাওয়া, একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।