জেল থেকে বাড়িতে ফিরেই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলেন আইভী

কারামুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিজ বাসভবনে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়িতে পৌঁছান তিনি। দীর্ঘ বন্দিজীবনের পর বাড়িতে ফেরাকে ঘিরে যখন আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের ভিড় বাড়ছিল, তখনই তাঁর বাসার ভেতরে অবস্থিত পারিবারিক খানকায় ‘গাদিরে খুম’ স্মরণে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তরিকতপন্থী অনুসারীরা অংশ নেন। ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত গাদিরে খুমের ঘটনা স্মরণে বিশেষ দোয়া ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভী জানান, কারাগারে থাকাকালে তিনি নিয়মিত দোয়া করতেন, যেন গাদিরে খুম দিবসের আগেই মুক্ত হয়ে বাড়ি ফিরতে পারেন। তাঁর ভাষ্য, সেই দোয়া কবুল হয়েছে বলেই তিনি এই বিশেষ দিনে পরিবারের সদস্য ও অনুসারীদের সঙ্গে থাকতে পেরেছেন।

তিনি বলেন, কারাগারে থাকার সময় অনেক ধর্মীয় আমল করার সুযোগ হয়েছে, যেগুলো ব্যস্ত জীবনে আগে নিয়মিত করা সম্ভব হয়নি। বন্দিজীবনের অভিজ্ঞতা তাঁকে আধ্যাত্মিকভাবে আরও মনোযোগী করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে কারামুক্তির পর থেকেই তাঁর বাসায় শুভানুধ্যায়ীদের আনাগোনা অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। তবে রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আইভী।