আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর, ফুটবলের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’—ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে আয়োজন করছে এই বৈশ্বিক মহাযজ্ঞ।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার মাঠে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ‘জে’ গ্রুপে জায়গা হয়েছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেদের।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ সূচি। গ্রুপ পর্বে কবে, কোথায় এবং কার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, তা নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার সময়সূচি।
আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩ তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মাঠে নামার আগে ধৈর্য ধরতে হবে আরও কয়েকদিন।
জে গ্রুপে থাকা তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপপর্বের সব ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। ১৭ জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) শুরু হবে খেলা।
আলবিসেলেস্তেদের গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। ২২ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষে অস্ট্রিয়া। আর ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ মযাচে জর্ডানের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
এদিকে, বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করেছেন। সেখানে মূল দলের বাইরে অতিরিক্ত সাত জন খেলোয়াড়সহ ক্যাম্প করবেন মেসিরা। প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ৬ জুন হন্ডুরাস ও ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে।
বৃহস্পতিবার (২৮ মে) লিওনেল মেসির নেতৃত্বে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্যকে নিয়েই এবারও শিরোপা ধরে রাখার মূল পরিকল্পনা সাজিয়েছেন তিনি। মেসির এটি হতে যাচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ।
বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করে আর্জেন্টিনা যদি পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে পারে, তবে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে তাদের রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে। শিরোপা ধরে রাখার এই মিশনে আলবিসেলেস্তেরা কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।