‘ইলন মাস্ক দেখতে ব্যাঙের মতো’

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে তীব্র ভাষায় আক্রমণ করে আলোচনায় এসেছেন মার্কিন পপ তারকা দোজা ক্যাট। বৃহস্পতিবার (৪ জুন) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সরাসরি ভয়েস নোট শেয়ার করার মাধ্যম ‘অডিও পোস্ট ফিচার’ ফিরিয়ে আনার দাবি জানাতে গিয়ে এই ধনকুবেরের উদ্দেশ্যে তিনি এমন আপত্তিকর মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

পোস্টে দোজা ক্যাট লেখেন, হেই ইলন, যদি তুমি এটি দেখে থাকো, তবে দয়া করে অডিও পোস্ট ফিচারটি এখানে ফিরিয়ে আনো। ধন্যবাদ, তুমি ব্যাঙের মতো দেখতে...। তোমাকে দেখতে বালু খাওয়া মানুষের মতো লাগে।

প্রথমে নিজের পোস্টে ইলনকে সঠিকভাবে ট্যাগ না করায় এক অনুসারী বিষয়টি ধরিয়ে দেন সেই মার্কিন পপ তারকাকে। এরপর তিনি ইলন মাস্ককে ট্যাগ করে পুনরায় পোস্ট করেন এবং প্রায় একই কথা লেখেন। 

দ্বিতীয় দফায় পোস্টে মাস্ককে ‘ঘাড়হীন শিম্পাঞ্জি’ বলে অভিহিত করেন তিনি। পাশাপাশি পোস্টের শেষে কাউকে আঘাত করতে চাননি বলে উল্লেখ করেন এই পপ তারকা। 

তবে এই বিষয়ে এখন পর্যন্ত ইলন মাস্কের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা জবাব পাওয়া যায়নি।