ইউরোপে বাংলাদেশ ফুটবলে নতুন অভিজ্ঞতা হবে আজ

ইতালির ভেতরে ক্ষুদ্রতম একটি দেশের নাম সান মারিনো। জনসংখ্যা প্রায় ৩৪ হাজার। ফিফার সদস্য হয়েছে ১৯৮৮ সালে। সেই দেশের বিপক্ষে আজ আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ রাত ১১টায় খেলা শুরু হবে। বাংলাদেশ ফুটবল দল তিন দিন আগেই সান মারিনোতে পৌঁছেছে।

ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথম ফিফা আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনে নতুন পরিকল্পনায় প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ফিফার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ হলেও সান মারিনোর অবস্থান ২১১ দেশের মধ্যে ২১১। 

তবে সান মারিনোতে বাংলাদেশের মতো পেশাদার লিগ হয় না। ১৬ দল নিয়ে (বাংলাদেশে হয় ১০ দলের লিগ) যে লিগটা হয়, সেটিও সেমিপ্রফেশনাল লিগ খেলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কেউ ব্যাংকার, কেউ কাঠমিস্ত্রি, কেউ মাছ ধরেন। বিভিন্ন পেশায় কাজ করে লিগ খেলেন। যাদের আয় বড়োজোর ২০০ ডলার। 

তবে লিগে নেই কোনো রেলিগেশন। ফলে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন দল লিগ চ্যাম্পিয়ন হয়। সান মারিনোতে রেজিস্টার্ড ফুটবলারের সংখ্যা ২ হাজারের কম। এসব চিত্র বলে দেয় সান মারিনোর ফুটবল মান খুবই দুর্বল। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও কম না। ২০০-এর বেশি ম্যাচ খেলেছে। জয়ের সংখ্যা মাত্র তিন। যাদের বিপক্ষে জিতেছে তাদের র‍্যাংকিং ২০৬-এর আশপাশে।

সান মারিনো কখনো দেশের বাইরে গিয়ে খেলতে অনাগ্রহী। ইউরোপের আশপাশ এলাকায় কিছু কিছু ম্যাচ খেলেছে। ১৯০ ম্যাচ হেরেছে। ১০ ম্যাচ ড্র হয়েছে। মনে হতে পারে বাংলাদেশ সহজেই জিতে যেতে পারে। তবে পরিসংখ্যান বলছে সান মারিনো খেলেছে সব বড় বড় দেশের বিপক্ষে। ফুটবলে শক্তিশালী দেশের বিপক্ষে যে কারণে জয়ের সুযোগ নেই বললেই চলে।

এশিয়ার দল বাংলাদেশের বিপক্ষে খেলার আগে একটি ম্যাচ লেবাননের বিপক্ষে খেলেছিল। কিন্তু ফিফার স্বীকৃতি ছিল না। আর বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচটি ফিফা স্বীকৃত বলেই সান মারিনো প্রথম এশিয়ান কোনো দলের বিপক্ষে খেলছে।

সান মারিনোর বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। একটা জয় শুধু জয়-ই নয়, কোচের চাকরিটাও নিশ্চিত হতে পারে। তবে বাংলাদেশের বর্তমান ফুটবলারদের জন্য ইউরোপীয় কোনো দলের বিপক্ষে খেলার নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে আজকের ম্যাচে। র‍্যাংকিংয়ে নিচের দলের বিপক্ষে জিতলেও ওপরের দলের লাভ কম। তবে র‍্যাংকিংয়ে নিচের দল যদি ওপরে থাকা দলের বিপক্ষে জয় পায় তাহলে লাভ বেশি নিচের দলের।