সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া 

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। শুক্রবার (৫ জুন) বিকেলে হযরত শাহাজালাল বিমানবন্দরে অবতরণ করেন অজিরা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। 

অজিদের এই স্কোয়াডে নেই তিন তারকা পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। তবুও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। 

আগামী ৯, ১১ ও ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরবর্তীতে ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, বেন ডারউইশ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।