পিরোজপুরে নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণে শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল গনি শিকদার (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আব্দুল গনি শিকদার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই কিশোরী বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল কুড়াতে যায়। সেখান থেকে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে তাকে নিজের ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এসময় স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর মা জানান, বাসার কাছেই বলেশ্বর নদী। সে সেখানে ফুল কুড়াতে যায়। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তি তাকে নিজের ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে খবর পেয়ে সেখানে গেলে তাকেও মারধরের হুমকি দেওয়া হয়। তখন বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।