টিকা শুধু শৈশবেই নিতে হয়, এ ধারণা ভুল। বর্তমান পরিস্থিতিতে যে ভাবে সংক্রামক রোগ বেড়ে চলেছে, তাতে বয়ঃসন্ধিকাল পার হওয়ার পরও কিছু টিকা নেওয়া প্রয়োজন। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
বর্তমান সময়ে দূষণ, জীবনযাত্রার পরিবর্তন ও নতুন নতুন রোগের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তাই শুধু ছোটবেলায় নেওয়া টিকার ওপর নির্ভর না করে বড় বয়সেও কিছু টিকা নেওয়া জরুরি হয়ে উঠেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, প্রতিষেধকের ক্ষমতা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। বর্তমানে যে হারে সংক্রামক রোগ বাড়তে শুরু করেছে, তাতে শুধু ছোটদের নয়, প্রাপ্তবয়স্কদেরও টিকা নেওয়া জরুরি হয়ে পড়েছে। ১৮ বছর বয়স পার হওয়ার পরও কিছু টিকা নেওয়া প্রয়োজন। তার মধ্যে নিচের ৫টি অতি প্রয়োজনীয়।
১. টিড্যাপ : টিটেনাস, ডিফথেরিয়া ও হুপিং কাশি প্রতিরোধে এই টিকা প্রতি ১০ বছর পর পর নেওয়া উচিত।
২. এইচপিভি টিকা : হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা জরায়ুমুখের ক্যানসার ছাড়াও, আরও কয়েক রকম ক্যানসার প্রতিরোধ করতে পারে। ১৮ বছর বয়সের পর থেকে ২৬ বছর বয়স পর্যন্ত মহিলা ও পুরুষ, উভয়েরই এই টিকা নেওয়া উচিত।
৩. হেপাটাইটিস-বি : লিভারের ক্যানসার এবং লিভার সিরোসিস প্রতিরোধে এই টিকা অত্যন্ত জরুরি। ছোটবেলায় এই টিকা নেওয়া থাকলেও ১৮ বছর বয়সের পরেও এই টিকা আবার নেওয়া উচিত।
৪. নিউমোকক্কাল টিকা : নিউমোনিয়া এবং মেনিনজাইটিস থেকে বাঁচতে ৬৫ বছর বয়সের পর এই টিকা নিতে হয়। তবে ফুসফুসের সমস্যা, হাঁপানি ও সিওপিডি অথবা ডায়াবেটিস থাকলে ১৮ বছর বয়সের পরেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টিকা নিতে হবে।
৫. টাইফয়েডের টিকা : টাইফয়েডের প্রকোপ বাড়ায় প্রাপ্তবয়স্কদেরও এই টিকা নেওয়া জরুরি, বিশেষ করে যাদের নিয়মিত ভ্রমণ করতে হয়।
বিশেষজ্ঞদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সময়মতো টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরকে নানা জটিল রোগ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।