৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি, সফল বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বৃক্ষরোপণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি-সংক্রান্ত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে জানানো হয়, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন এলাকায় ২৫ কোটি গাছ রোপণ করা হবে। আগামী সপ্তাহে চট্টগ্রাম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি, বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একই দিনে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন সংক্রান্ত আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করে কম খরচে অ্যাম্বুলেন্স তৈরির সম্ভাবনা এবং এ-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।