হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ শিশু হাম ও সন্দেহজনক উপসর্গে আক্রান্ত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ৯১৫ শিশু সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১১৭ শিশুর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬২০ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ শিশু।
এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২২ জনে, আর নিশ্চিত হাম রোগে মারা গেছে ৯১ শিশু।