তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। 

শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এ সময় নাহিদ ইসলাম রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থন এবং মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

দুই নেতা দ্বিপক্ষীয় ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যেখানে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের যুবকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য শক্তিশালী বিনিময় কর্মসূচি তৈরির গুরুত্বও তুলে ধরেন।

এনসিপি প্রতিনিধি দলের অন্যান্য উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব হোমাইরা নূর ও রাফে সালমান রিফাত।