মেসিকে বেঞ্চে রেখেই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শনিবার টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আকাশি-সাদাদের সমর্থনে গ্যালারি ছিল সরব। তবে লিওনেল মেসি পুরো ম্যাচে বেঞ্চে থাকায় দর্শকদের একাংশ হতাশ হন।

ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। প্রতিপক্ষ বক্সে নিকোলাস তালিয়াফিকো ফাউলের শিকার হলে স্পটকিক পায় আর্জেন্টিনা।

বিরতির পর ব্যবধান বাড়ান জিউলিয়ানো সিমিওনে। লাউতারোর ব্যাকহিল পাস থেকে কাছাকাছি দূরত্বে বল জালে পাঠান আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।

সিমিওনের গোলের পর কোচ লিওনেল স্কালোনি একাধিক পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামাননি। ৩৮ বছর বয়সী এই তারকা ২৫ মে ইন্টার মিয়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে হালকা চোট পান। জাতীয় দলে যোগ দেওয়ার আগেই তিনি ওই চোটে ভুগছিলেন।

বিশ্বকাপের আগে আগামী ৯ জুন নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে রয়েছে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। গ্রুপপর্বে পরে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও খেলবে দলটি।