খালেদা জিয়া সেজে আলোচনায় আসা সেই শিশুর বাবা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে

বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে প্রতীকী জেলখানায় বন্দি ‘খুদে খালেদা’ অভিনয়ে দেশজুড়ে আলোচিত শাহ রুবাইয়া রুবাবার বাবা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ার শাহ নাসির উদ্দিন রুমন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

রুমন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার খবরে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। শহরের কালিপুর মধ্যম তরফ এলাকায় দলীয় নেতাকর্মীরা মিষ্টিমুখ করে উল্লাস করতে দেখা যায়।

শাহ নাসির উদ্দিন রুমন এর আগে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার আগে সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ছিলেন ওই হলের সাবেক সহ-সভাপতিও।

রুমনের এই প্রাপ্তিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শুভেচ্ছাবার্তা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। তার স্ত্রী ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, সে এবং তাদের একমাত্র কন্যা শাহ রুবাইয়া রুবাবাকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে সক্রিয় ছিলেন।

দলীয় কর্মসূচি পালনে, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে স্বামী-স্ত্রী এবং একমাত্র কন্যাকেও নিয়ে সক্রিয়; যা অনন্য এক দৃষ্টান্ত হয়ে আছে।

এর আগে গত বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক হন শাহ নাসির উদ্দিন রুমন।

ছাত্রজীবন থেকে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ঢাকার রাজপথ, ময়মনসিংহের মহানগর আর উপজেলায় এ দম্পতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঢাকার রাজপথে বিএনপির রাজনৈতিক প্রত্যেকটি কর্মসূচিতে সব প্রতিকূলতাকে ডিঙিয়ে সরব ছিলেন রুমন।

এ প্রাপ্তিতে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে শাহ নাসির উদ্দিন রুমন বলেন, আমাদের অভিভাবক ও লাখো কোটি মানুষের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা হলো ‘বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অতীতের ন্যায় নিজের জীবনের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই হলো আমাদের অঙ্গীকার।

ৎউল্লেখ্য, এর আগে ২০২৩ সালের মার্চে বিএনপি ঘোষিত ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ মহাসড়কে তারুণ্যের রোড মার্চে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত হয়ে কারাবন্দী (প্রতীকী) অবস্থায় দেখা গিয়েছিল শিশু রুবাবাকে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।