৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের জন্য আগামী ৮ জুনের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে হবে। অন্যথায় পরবর্তীতে জটিলতা সৃষ্টি হতে পারে।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এবং কলেজগুলোতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

এ জন্য শিক্ষার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কলেজে ভর্তির কাগজপত্রসহ প্রয়োজনীয় দলিলাদি নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডের আওতাধীন আট জেলার সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দ্রুত বিষয়টি নিশ্চিত করার জন্যও প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।