তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ঢাকায়। এই সফরে আসছেন না অজি ওপেনার ট্রাভিস হেড। অন্যদিকে, ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। এছাড়া লেগ স্পিনার তানভীর সাঙ্ঘারও খেলা হচ্ছে না।
সদ্য শেষ হওয়া আইপিএল শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে ঢাকায় আসার কথা ছিল হেডের। তবে ব্যক্তিগত কারণে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে ছুটি নিয়েছেন। আর গোড়ালির চোট সেরে না ওঠায় ছিটকে গেছেন মার্শ। অন্যদিকে, লেগ স্পিনার তানভীরও হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন। তাদের জায়গায় দলে জায়গা পেয়েছেন ম্যাট শর্ট, অলি পিক ও টড মারফিকে।
হেডের এবার বাংলাদেশে না আসা এবং আগস্টে ঘরের মাটিতে টেস্ট সিরিজের প্রসঙ্গ টেনে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেন, ‘ট্রাভিসকে শুরুতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি দুই দলেই রাখা হয়েছিল। কিন্তু পরে তাকে ব্যক্তিগত কারণে ছুটি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে তাকে আবার দলে দেখার অপেক্ষায় আছি আমরা।’
অন্যদিকে, মিচেল মার্শকে ওয়ানডেতে না পাওয়া গেলেও টি-টোয়েন্টি সিরিজ পাওয়া যাবে বলে জানিয়েছেন ডোডেমাইড। তিনি বলেন, ‘গোড়ালির চোট থেকে পুরোপুরি ফিট হতে তার আরও কিছুটা সময় লাগবে। মিচেল ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন।’
ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল: জশ ইংলিশ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, অলি পিকে, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সর জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।