ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ময়মনসিংহের হালুয়াঘাটে হেলাল (নামে) এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার ভূমি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল পূর্ব কাচারীপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫ টার দিকে হালুয়াঘাট ভূমি অফিসের পাশে হেলালকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হেলাল বিবাহিত ছিলেন এবং তার একটি ছোট সন্তান রয়েছে। হেলালেরএই মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে হালয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম এবং হালুয়াঘাট সার্কেলের এএসপি মিজানুর রহমান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।

ওসি ফেরদৌস আলম জানান, বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।