নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল আটটি গুলি ও তিনটি ম্যাগাজিনসহ আবদুর রহমান ওরফে রাহিম (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, আটক রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। আটকের পর তাকে বেগমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট বসিয়ে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে যাওয়ার সময় রাহিমকে থামানো হয়। তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। একপর্যায়ে যুবকের কোমরে গুঁজে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আটটি গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
এদিকে, অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়া আবদুর রহমান স্থানীয় জামায়াতের কর্মী বলে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশ।
বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা জামায়াতের সেক্রেটারি মো. বোরহান উদ্দিন বলেন, ‘পুলিশের হাতে অস্ত্রসহ আটক ব্যক্তির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। নির্বাচনের সময় অনেকে প্রার্থীর পাশে এসে দাঁড়িয়ে ছবি তোলেন। তাতে তো তিনি দলীয় কর্মী হয়ে যান না। তিনি যত দূর জেনেছেন ভোটের পর থেকে রাহিম স্থানীয় ছাত্রদলের কর্মী সম্রাটের সঙ্গে চলাফেরা করতেন। আটক ওই মোটরসাইকেলটিও সম্রাটের।’
আটকের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তিনটি পিস্তল, আটটি গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, বেগমগঞ্জে অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া রাহিমকে আগামীকাল নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।