২ সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়: ট্রাম্প

আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করবে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনার অবসান ঘটার মাত্র কয়েক ঘণ্টার মাথায় তিনি এই মন্তব্য করলেন। 

রিপাবলিকান সিনেটর ও তার ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক টেলি-সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা একটি অত্যন্ত শক্তিশালী দল হিসেবে কাজ করেছি এবং আমার মনে হয় আমরা এই লড়াইয়ে জিতছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব, তখন আপনারা প্রকৃত জয় দেখতে পাবেন। এটি একটি পূর্ণাঙ্গ বিজয় হবে এবং এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত হ্রাস পাবে।’

এর আগে সোমবার (৮ জুন) সকালে ইরান ইসরায়েলের ওপর তাদের প্রথম দফার ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্তির ঘোষণা দেয়। তবে তেহরান একই সাথে সতর্ক করে বলেছে, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা এর ‘বিধ্বংসী’ জবাব দেবে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে, তেহরানের এই প্রতিক্রিয়ার পর ইসরায়েল ও তার মিত্রদের উচিত উপযুক্ত শিক্ষা গ্রহণ করা।

চলমান যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গত রোববার ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে আকস্মিক বোমা হামলা চালালে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এই আগ্রাসনের জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যার পরিপ্রক্ষিতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ভোরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বার্তা পোস্ট করে ইসরায়েল ও ইরানকে ‘অবিলম্বে’ যুদ্ধ বন্ধের আহ্বান জানান। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে জানান যে, ইরানের সাথে সংঘাত ‘আপাতত’ বন্ধ হয়েছে। তবে ইসরায়েল পুনরায় আক্রান্ত হলে তারা এর কঠোর জবাব দেবে বলেও তিনি সতর্ক করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি