বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের স্বস্তির খবর পেয়েছে স্পেন জাতীয় ফুটবল দল। চোট কাটিয়ে দলের প্রথম ম্যাচেই মাঠে নামতে যাচ্ছেন দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। এ খবর জানিয়েছেন স্পেনের কোচ লুইস ফুয়েন্তে।
'এইচ' গ্রুপে আগামী ১৫ জুন কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। সেই ম্যাচে ইয়ামাল ও নিকোকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ ফুয়েন্তে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে থাকতে হয়েছিল এই দুই উইঙ্গারকে। তবে বিশ্বকাপের ঠিক আগে তাদের সুস্থ হয়ে ওঠা স্প্যানিশ শিবিরে স্বস্তি ফিরিয়েছে।
উদ্বোধনী ম্যাচের আগে ভিক্টোর মুনিয়োজও পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। যদিও পেরুর বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে ইয়ামাল, নিকো ও মুনিয়োজকে রাখা হয়নি। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে দলের অনুশীলন ক্যাম্পে থেকেই পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিন খেলোয়াড়ের ফেরার সম্ভাবনা সম্পর্কে স্পেন কোচ ফুয়েন্তে বলেন, 'আমরা আশা করছি, পরবর্তী ম্যাচের আগেই তারা সবাই প্রস্তুত থাকবে। পুনর্বাসন প্রক্রিয়ায় তারা ইতিবাচক অগ্রগতি করছে এবং শারীরিকভাবে ভালো অবস্থায় রয়েছে।'