রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একটি হলের কক্ষে মাদক সেবনের অভিযোগে চার ছাত্রের আবাসিকতা বাতিল করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালিয়ে চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে প্রশাসন ও ছাত্রকল্যাণ দপ্তর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
অভিযানটিতে অংশ নেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক আবু বকর সিদ্দিক।
এদিকে এ ঘটনার পর গতকাল রাতেই ওই চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়। আজকের মধ্যে তাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই চার ছাত্রের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আবাসিকতা বাতিল করা হয়েছে। আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত ছাত্রকল্যাণ দপ্তরের এখতিয়ারে নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা চাইলে উপাচার্যের কাছে আপিল করতে পারবেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক।