সিরাজগঞ্জে ১ হাজার ফুটের ব্রাজিলের পতাকা, ফাইনালে উঠলে খাওয়ানো হবে গরু 

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশের নানা দলের সমর্থকেরাও। বিশ্বকাপ ফুটবলের উৎসবের আমেজ সারা দেশের মতো ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গ্রাম থেকে শহরে। সবখানেই এখন ফুটবল ভক্তদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ ও আলোচনা-সমালোচনা। 

এরই ধারাবাহিকতায় প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে কামারখন্দ উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যরে ব্রাজিলের পতাকা টাঙিয়ে ব্যাপক সারা ফেলেছেন এ গ্রামের ব্রাজিল ভক্তরা। 

শুধু বিশাল পতাকা টাঙানোই নয়, এবারের আসরে ব্রাজিল যদি ফাইনালে উঠলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে ভুরিভোজ করানো হবে বলে জানিয়েছেন এ এই গ্রামের ব্রাজিল ভক্তরা।

দীর্ঘ এই পতাকাটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক ব্রাজিল ভক্তরা ছুটে আসছেন। তারা প্রিয় দলের পতাকার সামনে দাঁড়িয়ে নিজেদের স্মার্টফোনে ছবি ও সেলফি তুলছেন। ১ হাজার ফুট দৈর্ঘ্যের এই পতাকাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যেও বেশ সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

একই গ্রামের ব্রাজিল সমর্থক ডা. আল আমিন বাবু জানান, প্রতি বারের মত এবারও আমরা ব্রাজিলের বিশাল পতাকা টাঙিয়েছি। এবার গ্রামের সকল ব্রাজিল সমর্থক মিলে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যরে পতাকা টাঙিয়েছি। সামনে এর পরিধি বাড়বে বলে আমরা আশা করছি। ঠাঁকুঝিপাড়া গ্রামের প্রায় ৮৫ ভাগ মানুষ ব্রাজিলের সমর্থক। তাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, ভালোবাসা ও আবেগের জায়গা থেকে ব্রাজিল দলের প্রতি আমাদের এই বর্হিপ্রকাশ ১ হাজার ফুট পতাকা। 

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাঁকুরঝিপাড়া গ্রামের এই পতাকা নিয়ে একটি পোস্ট দেখতে পেয়ে সেখানে গিয়ে একটি কনটেন্ট তৈরি করে ফেসবুকে পোস্ট করি। কনটেন্টটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, বেশ সারা পেয়েছি।