হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন তিনটি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ৯২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৬৩১ জনে পৌঁছেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ দেখা গেছে আরও ৯৮০ জনের মধ্যে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮১ হাজার ৮৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ২৯২ জন।