২০২৬ বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
হন্ডুরাসকে ২-০ গোলে হারানোর পর আত্মবিশ্বাসী আর্জেন্টিনা এই ম্যাচকে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। এই ম্যাচটি লিওনেল স্ক্যালোনির জন্য হবে পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
দলের সবচেয়ে বড় সুখবর, চোট কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে পাওয়া পেশির চোট থেকে সেরে উঠে তিনি আইসল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসি মাঠে থাকবে, তবে সে কত মিনিট খেলবে তা আমি এখনো জানি না। আজকের অনুশীলনে তার সঙ্গে কথা বলব। কোনো ঝুঁকি নিতে চাই না। পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পরিকল্পনা অনুযায়ী সে খেলবে।’
স্কালোনি আরও জানান, নাহুয়েল মলিনা, গনসালো মন্টিয়েল, নিকো পাজ এবং জুলিয়ান আলভারেজ ধীরে ধীরে পূর্ণ ফিটনেসে ফিরছেন। তবে চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন লিওনার্দো বালেরদি। তার বিকল্প নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
স্কালোনি বলেন, ‘আইসল্যান্ড ম্যাচের পর আমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারব। বালেরদির জায়গায় একজনকে নেওয়া হবে, তবে অন্য খেলোয়াড়দের শারীরিক অবস্থাও বিবেচনায় রাখা হচ্ছে।’
অন্যদিকে, বিশ্বকাপে জায়গা না পাওয়া আইসল্যান্ড ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে। কোচ আরনার গুন্নলাউগসনের দল রক্ষণভিত্তিক কৌশল ও দ্রুত পাল্টা আক্রমণের ওপর ভরসা করছে।
দুই দলের একমাত্র পূর্ববর্তী সাক্ষাৎ হয়েছিল ২০১৮ বিশ্বকাপে, যেখানে আইসল্যান্ড ১-১ গোলে ড্র করে চমক দেখিয়েছিল। তবে বর্তমান ফর্ম বিবেচনায় আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। টানা পাঁচ জয়ের ধারায় রয়েছে স্কালোনির দল, বিপরীতে আইসল্যান্ডের শেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই।
বর্তমান ফর্ম অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতেছে স্কালোনির দল। অন্যদিকে আইসল্যান্ডের শেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই। তারা দুটি ড্র ও তিনটি হার দেখেছে।
আর্জেন্টিনার আক্রমণভাগে নজর থাকবে লাওতারো মার্টিনেজের দিকে। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড ২০২৪ কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন। হন্ডুরাসের বিপক্ষেও গোল করে নিজের ফর্মের জানান দিয়েছেন তিনি।
সম্ভাব্য একাদশে আর্জেন্টিনা ৪-৩-৩ ছকে খেলতে পারে। গোলপোস্টে থাকবেন রুলি। রক্ষণে কাপালদো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। আক্রমণে দেখা যেতে পারে লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও নিকো গঞ্জালেসকে।
আইসল্যান্ড ৫-৪-১ ছকে খেলতে পারে। গোলপোস্টে থাকবেন ভালডিমারসন। সামনে থাকবেন দলের প্রধান ভরসা আলবার্ট গুডমুন্ডসন।
ঘরে বসেই আর্জেন্টিনা ও আইসল্যান্ড মধ্যকার ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ইএসপিএন ও ইএসপিএন ডিপোর্তেস। এছাড়াও ওয়াচ ইএসপিএন, ফুবো টিভি, স্লিং টিভি, ফানাতিজ, ভিক্স ও ফ্যানকোড প্ল্যাটফর্মেও দেখা যাবে ম্যাচটি।