বিশ্বকাপে ‘রেকর্ড পরিমাণ প্রাইজমানি’র কে কত টাকা পাবে?

ফুটবল বিশ্বকাপ শুধু গৌরব আর ট্রফির লড়াই নয়, এটি বিপুল অর্থ পুরস্কারেরও মঞ্চ। তাই আসন্ন বিশ্বকাপকে ঘিরে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে। ৬.১ কেজি ওজনের সোনালি বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিজয়ী দল কত অর্থ পাবে?

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

দলসংখ্যা বাড়ানো ও রেকর্ডসংখ্যক ম্যাচের কারণে এবার প্রাইজমানির অঙ্কও রেকর্ড গড়েছে। বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা। এই অর্থ শুধু চ্যাম্পিয়ন দলের জন্য নয়, বরং টুর্নামেন্টের বিভিন্ন ধাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যেও বণ্টন করা হবে।

চ্যাম্পিয়ন দল সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার পাবে। ট্রফির সঙ্গে শিরোপাজয়ীরা ঘরে তুলবে ৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৩ কোটি টাকা। রানার্সআপ দল পাচ্ছে ৩৩ মিলিয়ন ডলার পুরস্কার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার, আর চতুর্থ দল পাবে ২৭ মিলিয়ন ডলার।

নকআউট পর্বে পৌঁছানো দলগুলোর জন্যও রয়েছে বড় অঙ্কের অর্থ। কোয়ার্টার ফাইনালিস্টরা পাবে ১৯ মিলিয়ন ডলার করে, আর রাউন্ড অব সিক্সটিনে উঠলেই মিলবে ১৫ মিলিয়ন ডলার। এমনকি রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও থাকছে ১১ মিলিয়ন ডলার করে।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও কোনো দল খালি হাতে ফিরবে না। অংশগ্রহণকারী প্রতিটি দলই পাবে ৯ মিলিয়ন ডলার।