কুমিল্লা থেকে নাড়ু হিসেবে বুকিং দেওয়া পার্সেল থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, দুটি কার্টনে থাকা সাতটি প্যাকেট থেকে মোট প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পার্সেলগুলো গত ৭ জুন কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ‘নাড়ু’ হিসেবে বুকিং দেওয়া হয়েছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি।
সদর মডেল থানায় এ বিষয়ে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে গাঁজার সম্ভাব্য গ্রহীতাকে শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।