ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারসহ একাধিক বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে শহরের ইটাখোলা বাইলেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ট্রেনটির পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয়। একই সঙ্গে একটি খাবার বগি ও তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়ে যায়। দুর্ঘটনায় ইটাখোলা এলাকার একটি ছোট রেল কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

তবে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

ময়মনসিংহ রেল স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বগি সরানো এবং রেললাইন মেরামত শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।

এদিকে যাত্রীদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা গফরগাঁও হয়ে মোহনগঞ্জ-ঢাকা রুটের হাওর এক্সপ্রেস ট্রেন ব্যবহার করতে পারেন বলে জানিয়েছে রেলওয়ে।

রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে।