বিশ্বকাপে সেরা জার্সির তালিকার শীর্ষে ফ্রান্স, পঞ্চম স্থানে ব্রাজিল

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে শুধু ফুটবলের জাদু নয়, মাঠ কাঁপাবে গ্ল্যামার আর ফ্যাশন। এবারের সেরা কালেকশন বেছে নেওয়া হয়েছে হোম এবং অ্যাওয়ে দুই জার্সির দারুণ মেলবন্ধনে।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ১০ নম্বরে আছে মরক্কো। তাদের ঐতিহ্যের সাথে জ্যামিতিক কারুশিল্পের ছোঁয়া জার্সিকে করেছে অনন্য। 

লিস্টে ৯ নম্বরে থাকা স্পেনের হোম জার্সি ঐতিহ্য ধরে রাখলেও, তাদের ক্রিম রঙের বিলাসবহুল অ্যাওয়ে কিটটি নজর কেড়েছে সবার।

অন্যদিকে, আট নম্বরে দক্ষিণ কোরিয়া এনেছে রঙের উৎসব। তাদের বেগুনী রঙের ফ্লোরাল অ্যাওয়ে শার্টটি এককথায় চমৎকার। 

৭ নম্বরে থাকা জাপানের সামুরাই ব্লু হোম জার্সির পাশাপাশি বেসবল ইউনিফর্ম থেকে অনুপ্রাণিত তাদের অফ-হোয়াইট অ্যাওয়ে কিটটি দারুণ এক নস্টালজিয়া তৈরি করেছে।

৬ নম্বরে মেক্সিকো চমকে দিয়েছে তিনটি জার্সি নিয়ে। আদিবাসী সংস্কৃতির ছোঁয়া মাখানো হোম ও অ্যাওয়ে জার্সির পর তাদের কালো রঙের থার্ড কিটটি মেক্সিকোকে বাকিদের চেয়ে আলাদা করেছে।

পাঁচ নম্বরে চিরসবুজ ব্রাজিল। তাদের চিরাচরিত রাজকীয় হলুদ হোম জার্সির সাথে আমাজন রেইনফরেস্ট থেকে অনুপ্রাণিত জর্ডান ব্র্যান্ডের নীল-কালো অ্যাওয়ে কিটটি এবারের আসরের অন্যতম সাহসী ডিজাইন।

ঘরের মাঠে যুক্তরাষ্ট্র রয়েছে ৪ নম্বরে। ১৯৯৪ সালের বিশ্বকাপের নস্টালজিয়া ফিরিয়ে এনে লাল-সাদায় তাদের হোম কিট এবং ক্লাসিক ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ এর অ্যাওয়ে কিট আমেরিকান সমর্থকদের মন জয় করে নিয়েছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে ৩ নম্বরে। আকাশি-সাদা ঐতিহ্যের সাথে বুয়েনস আইরেসের শৈল্পিক ছোঁয়ায় তৈরি তাদের কালো রঙের ভিন্নধর্মী অ্যাওয়ে জার্সিটি রীতিমতো চোখে লেগে থাকার মতো।

তালিকার ২ নম্বরে উরুগুয়ে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসকে নান্দনিক ডিজাইনে ফুটিয়ে তুলেছে তারা।

তবে সবাইকে ছাড়িয়ে ফ্যাশনের এই বিশ্বকাপে এক নম্বরে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফোল্ড-ওভার কলার, ব্রোঞ্জ ডিটেইলিং আর নীল রঙের বিভিন্ন শেডের হোম জার্সির সাথে তাদের নান্দনিক অ্যাওয়ে কিটটি যেন আভিজাত্যের প্রতীক।