সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় ও হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

রাজধানীর হাজারীবাগ এলাকায় সাংবাদিক পরিচয়ে এক যুবকের কাছ থেকে অর্থ আদায়সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজের নিরাপত্তা বিবেচনায় সাংবাদিক পরিচয় দেওয়া মোঃ সোহেলকে অভিযুক্ত করে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা যায়, গত ৮ জুন হাজারীবাগ থানায় এ সংক্রান্ত একটি জিডি দায়ের করা হয়। অভিযোগকারী শ্রী সোহেল নিখিল (৪৮), হাজারীবাগ এলাকার বাসিন্দা।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ জুন রাত আনুমানিক ১০টার দিকে হাজারীবাগ এলাকার গণকটুলি সিটি কলোনির দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় মাদক বিক্রির বিষয়ে বিভিন্ন তথ্য দেন এবং বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার কথা বলে অর্থ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও দাবি করেন, পরবর্তীতে ওই সাংবাদিক পরিচয় দেওয়া মোঃ সোহেল বিভিন্ন সময়ে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করেন। জিডিতে উল্লেখিত মোবাইল নম্বর থেকে একাধিকবার ফোন করে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন জানান, অভিযোগের বিষয়টি সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। বাদি এবং বিবাদির উভয়জনের সাথে কথা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ন্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করা হবে। আদালত প্রাথমিক পর্যায়ে অনুমতি দিলেই তদন্ত কাজ শুরু করা হবে।