যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে এক ছুরি হামলার ঘটনাকে কেন্দ্র করে অভিবাসী বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনাও ঘটে। বিক্ষোভকারীরা একাধিক গাড়ি, একটি বাস এবং কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ জুন) বেলফাস্টে সংঘটিত ছুরি হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক সুদানি নাগরিককে আটক করে পুলিশ। এর পরপরই শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়।
মঙ্গলবার রাতের দিকে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে ব্যারিকেড তৈরি করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। বেলফাস্টের পাশাপাশি নিউটাউনঅ্যাবি ও কিলকিল এলাকাতেও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও'নিল সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুখোশধারী ব্যক্তিরা পরিবারগুলোকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে সন্ত্রাসী আচরণের সঙ্গে তুলনা করেন।
পুলিশ জানিয়েছে, হামলায় আহত ব্যক্তি চোখ, মুখ ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টা, ধারালো অস্ত্র বহন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে ক্ষোভ ও উদ্বেগ আরও বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
উত্তর আয়ারল্যান্ড পুলিশের সহকারী চিফ কনস্টেবল রায়ান হেন্ডারসন বলেন, ছুরিকাঘাতের ঘটনাটি অত্যন্ত গুরুতর। তিনি জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।
সূত্র:রয়টার্স