মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের ওপর উৎসে কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ হারে আরোপিত উৎসে কর কমিয়ে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় কৃষি ও ভোগ্যপণ্য এই সুবিধার আওতায় থাকবে। এর মধ্যে ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্য রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে বাজারে সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ভোক্তা পর্যায়ে মূল্যচাপ কমানোর লক্ষ্যে উৎসে কর কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
বাজেটের প্রস্তাবিত অংশে বলা হয়েছে, দেশের মানুষ ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যেই সরকার এই জনমুখী উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নিত্যপণ্যের বাজারকে আরও সহনীয় পর্যায়ে আনা এর উদ্দেশ্য।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই প্রস্তাবটি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাজেট অনুমোদিত হলে নতুন করহার কার্যকর হবে।