নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচদিন পর শহিদুল মাতুব্বর (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

বুধবার (১০ জুন) বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে  মরদেহটি  উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।

নিহত শহিদুল মাতুব্বর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুস ছালাম মাতুব্বরের ছেলে।

এর আগে মঙ্গলবার শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্র ধরে বুধবার সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে (৩৪) আটক করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।

ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের ছোট ভাই সাহিদুল মাতুব্বর বলেন, গত শনিবার সকাল ১০টার দিকে আমার ভাই ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়িতে ফিরে আসেনি। এরপর  বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে আমরা পাইনি। পরের দিন পরিবারের পক্ষ থেকে  মুকসুদপুর থানায় একটি জিডি দায়ের করা হয়। ইজিবাইক ছিনিয়ে নিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মুকসুদপুর থানা ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ইজিবাইক উদ্ধারের পর দুজনকে আটক করা হয়। তারপর তাদের স্বীকারোক্তির পর আমরা মরদেহ উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।