নির্যাতনের শিকার নারী ও শিশুদের সমন্বিত সহায়তা দিতে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী জাহিদ হোসেন। বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে তিনি এ তথ্য দেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী ওসিসির কার্যকারিতা ও ভুক্তভোগীবান্ধব সেবা জোরদারে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। নোটিশে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপিএর ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪’-এর তথ্য তুলে ধরেন। ওই জরিপ অনুযায়ী, দেশে ৭৬ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন এবং ৬২ শতাংশ ভুক্তভোগী কখনো তাঁদের অভিজ্ঞতা প্রকাশ করেননি।
জবাবে মন্ত্রী জানান, প্রথমে আটটি পুরোনো মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি চালু করা হয়। পরে আরও ছয়টি নতুন মেডিকেল কলেজে যুক্ত হয়। বর্তমানে দেশে ১৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার কার্যক্রম পরিচালনা করছে। এসব সেন্টারে চিকিৎসা, আইনি সহায়তা, ডিএনএ ও ফরেনসিক পরীক্ষা, পুনর্বাসন এবং সামাজিক পুনঃএকীকরণসহ সমন্বিত সেবা দেওয়া হয়।
মন্ত্রী জানান, এ পর্যন্ত ওসিসির মাধ্যমে ৮১ হাজার ৯২৮ জন সেবা পেয়েছেন। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ৪৯ হাজার ৭৬৭ জন, যৌন নির্যাতনের শিকার ৩১ হাজার ৫৯৬ জন এবং অগ্নিদগ্ধ ৫৬৫ জন রয়েছেন।
বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সব মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি চালু করা হবে।
এ ছাড়া দেশে ৯৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেল চালু রয়েছে, যার মধ্যে ৩০টি জেলা সদরে এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পর্যায়ক্রমে ৬৪ জেলা ও প্রতিটি উপজেলায় এ ধরনের সেল বা সেন্টার চালুর লক্ষ্য রয়েছে বলে জানান মন্ত্রী।