শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খিচুড়ি আয়োজনের সময় পুলিশি অভিযানের মুখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১০ জুন) রাত আটটার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশ অভিযান চালায়। পুলিশ পৌঁছানোর আগেই সেখানে রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে অনেকে সরে যান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১)কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খিচুড়ি আয়োজনের নামে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’