আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সেই রূপকথা এখনো ফুটবলপ্রেমীদের মনে টাটকা। চার বছর পর আবারও বিশ্বমঞ্চে নামছে মরক্কো। তবে এবার শুরুতেই তাদের সামনে কঠিন পরীক্ষা। রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আফ্রিকান পরাশক্তিরা।

মাঠের লড়াই শুরুর আগে মোটেও রক্ষণাত্মক নয় মরক্কো। টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস সঙ্গী করে সেলেসাওদের বিপক্ষে সমানে সমানে লড়াই করতে প্রস্তুত তারা। দলের রিয়াল বেতিস মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত তাই নিজেদের খাটো করে দেখছেন না।

আমরাবাত বলেন, ‘আমার জন্মের পর থেকেই দেখে আসছি, ব্রাজিল মানেই বড় বড় তারকা আর অবিশ্বাস্য সব খেলোয়াড়ের দল। তাদের দলটা দুর্দান্ত এবং আমাদের মনে তাদের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে। তবে আমরাও তৈরি, মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দেব। অবশ্যই আমরা তাদের হারাতে চাই, কারণ নিজেদের যোগ্যতার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’

মাঠের লড়াইয়ে এতটুকুও ছাড় দিতে রাজি নয় মরক্কো। আমরাবাতের কণ্ঠে ঝরে পড়ল সেই আত্মবিশ্বাসের সুর, ‘ব্রাজিলকে সম্মান জানিয়েই বলছি, আমরা কাউকেই ভয় পাই না। তারা ফেবারিট হতে পারে, তবে আমরাও দারুণ ফর্মে আছি। আত্মবিশ্বাস থাকলেও আমাদের মাঝে কোনো অহংকার নেই, বিনম্রতা আছে। আমরা লড়াই করতে মুখিয়ে আছি।’

সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য মরক্কোর পক্ষেই কথা বলছে। গত বছরের আগস্ট থেকে কোনো ম্যাচ হারেনি তারা। এই সময়ে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ, আরব কাপ এবং আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপা জিতেছে মরক্কো (যার মধ্যে কাপ অব নেশনসের ফাইনালে সেনেগালের বিপক্ষে ওয়াকওভার পায় তারা)।