কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটি সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পূর্বনির্ধারিত চুক্তি ও নিয়ম অনুসরণ করে সব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে। কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে তারা হামলা করেছে। এ ছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।
পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। বিমান চলাচল বন্ধের ফলে আন্তর্জাতিক রুটে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।