ফেনী

বিকল ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিলেন চালক-সহকারী, কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দু’জনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় সড়কের পাশে থেমে থাকা একটি সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক জাহাঙ্গীর আলম (৪০) ও তাঁর সহকারী রাকিব হোসেন (১৮)। জাহাঙ্গীরের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দুঃখিয়ারকান্দি এলাকায় এবং রাকিবের বাড়ি একই জেলার বরুড়া উপজেলার ঝাপুয়া গ্রামে। 

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি সিলিন্ডারবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে সেটি মহাসড়কের পাশে থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন উৎসুক মানুষ জড়ো হন। একপর্যায়ে একই লেনে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকে থাকা এলপিজি সিলিন্ডারগুলোও ছিটকে সড়কে পড়ে। এতে ট্রাকের চালক, সহকারীসহ আশপাশে থাকা কয়েকজন ও কাভার্ড ভ্যানের চালক-সহকারী আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, চাকা ঠিক করার প্রস্তুতি নেওয়ার এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই কাভার্ড ভ্যানটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক, সহকারীসহ আশপাশের কয়েকজন আহত হন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন তালুকদার বলেন, বুধবার রাতে দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।