ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে মরক্কো। তার বড় ধাক্কা খেলো আফ্রিকার দেশটি। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার নায়েফ আগের্দ এবং উইঙ্গার আবদে ইজ্জালজুলি। দুই ফুটবলারকে বাদ দিয়ে বাধ্য হয়ে দুটি পরিবর্তন আনতে হয়েছে মরক্কোকে।
চোটে ছিটকে যাওয়া আগের্দের জায়গায় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ মারওয়ানে সাদানে, আর ইজ্জালজুলির পরিবর্তে যোগ দিয়েছেন তরুণ উইঙ্গার আমিন এসবাই।
মরক্কো ফুটবল ফেডারেশন ও কোচ মোহাম্মদ ওয়াহবি শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিলেন, চোট কাটিয়ে এই দুই তারকা সময়মতো সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আর ঝুঁকি নিতে চায়নি আটলাস লায়নরা। রোববার (১৪ জুন) নিউইয়র্কে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে এই চূড়ান্ত পরিবর্তন আনলো তারা।
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠার রূপকথার গল্পের অন্যতম নায়ক ছিলেন সেন্টারব্যাক নায়েফ আগের্দ। কিন্তু গত মার্চ থেকে কুঁচকির চোটের কারণে নিজের ক্লাব মার্সেইয়ের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। মার্চে অস্ত্রোপচারের পর এপ্রিলে নতুন করে তাঁর পিউবিক হাড়ে চিড় ধরা পড়লে পুনর্বাসন প্রক্রিয়া থমকে যায়।
অন্যদিকে, ২৪ বছর বয়সী উইঙ্গার আবদে ইজ্জালজুলিকে ধরা হচ্ছিল এবারের বিশ্বকাপের অন্যতম ‘সারপ্রাইজ প্যাকেজ’। কিন্তু গত রোববার নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে সতীর্থ শাদি রিয়াদের সঙ্গে এক সংঘর্ষে তার বিশ্বকাপ স্বপ্ন ভেস্তে যায়।