মুন্সীগঞ্জে পার্কিংয়ে রাখা বাস চুরি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় একটি হোটেলের সামনে পার্কিং করে রাখা ‘সেন্টমার্টিন পরিবহনের’একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবহন মালিক ও চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, গত বুধবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে বালুয়াকান্দি এলাকার নাইট মুন হোটেলের বিপরীত পাশে পার্কিং করে রাখা বাসটি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৭৩৬৮) চুরি হয়ে যায়। এ ঘটনায় বাসের মালিক আফজাল হোসেন বৃহস্পতিবার দুপুরে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাসের মালিক আফজাল হোসেন জানান, বুধবার বিকেলে তিনি বাসটি নির্ধারিত স্থানে পার্কিং করে রেখে যান। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এসে দেখেন বাসটি সেখানে নেই। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসটি নিয়ে ঢাকার দিকে চলে যায়। বাসটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গজারিয়ায় এ ধরনের যাত্রীবাহী বাস চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাস চুরি হয়ে যাওয়ার ঘটনায় পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে। একই সঙ্গে তারা মহাসড়কসংলগ্ন পার্কিং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

গজারিয়া থানার ওসি হাসান আলী বলেন, বাস চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। বাসটি উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।