রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক। কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘শিগগিরই রাজ্যসভা থেকে ইস্তফা দেবেন তিনি’। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করে এই অভিনেত্রী রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন কোয়েল।

এদিকে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে দলটির সমর্থিত প্রার্থীরাও আছেন বিপাকে। এর আগে তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও পদত্যাগ করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোয়েল মল্লিকের পদত্যাগ করায় রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা ১৩ থেকে কমে ৯-এ দাঁড়াল। একইসঙ্গে গুঞ্জন উঠেছে, চলতি সপ্তাহে আরও ক’জন সদস্য পদত্যাগ করতে পারেন। রাজ্য বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূল ভাঙন শুরু হয়েছে।

যদিও এতদিন রাজনীতি থেকে দূরেই ছিলেন একসময়ের দর্শকপ্রিয় এই অভিনেত্রী। ফলে ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম দেখে অনেকে বেশ অবাকই হয়েছিল। পরে এপ্রিলে দিল্লি গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন অভিনেত্রী। 

সে সময় কোয়েল বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা—এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।’ 

কিন্তু তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে এবার রাজ্যসভার সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী।