বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা দেশ। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্যতিক্রমী ঘটনা ঘটেই চলছে। এমনই একটি ব্যতিক্রম ঘটনার জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মিন্টু মিয়া।
দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ করার পর মিন্টু মিয়া সমর্থন জানান সৌদি আরবের দলকে। এবার সৌদি আরব দলের ৫০০ ফুটের পতাকা টানিয়েছেন তিনি।
আখাউড়া পৌর এলাকার টানপাড়ার বাসিন্দা মিন্টু মিয়া। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তিনি ব্রাজিল দলকে সমর্থন করে আসছিলেন। তবে ব্রাজিল অমুসলিম দেশ হওয়ায় তিনি ব্রাজিল দলের উপর থেকে তার সমর্থন প্রত্যাহার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুন) মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করে মুসলিম দেশ হিসেবে সমর্থন দেন সৌদি আরবকে। বৃহস্পতিবার তিনি আখাউড়ার খড়মপুর মাজার এলাকায় ৫০০ ফুট দৈর্ঘ্যরে সৌদি আরবের পতাকা প্রদর্শন করেন। পতাকাটি বানাতে সময় লেগেছে ২০ দিনের বেশি। খরচ হয়েছে প্রায় এক লাখ টাকার উপরে।
পতাকাটি উদ্বোধন করেন শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক খাদেম। অতিথি হিসেবে ছিলেন সাবেক কাউন্সিলর তকদীর হোসেন খাদেম।
পতাকা প্রদর্শনের সময় মিন্টু মিয়া বলেন, ২৫ বছর ধরে ব্রাজিল সাপোর্ট করি। কিন্তু ব্রাজিল অমুসলিম দেশ। তাই আমি দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়েছি। সৌদি আরব মুসলিম দেশ বলে সাপোর্ট করছি। ৫০০ ফুটের পতাকা বানিয়েছি নিজের টাকায়। সবার ভালো সাপোর্ট পেয়েছি।
শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক খাদেম বলেন, সারাদেশেই বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফুটবল উন্মাদনা। মিন্টু মিয়ার এই উদ্যোগ আমাদেরকে নাড়া দিয়েছে।