আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং তা পুনর্বিবেচনার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এ ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত। তবে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা কোনো সঠিক সিদ্ধান্ত নয়। তিনি মনে করেন, তদন্তের মাধ্যমে কোনো অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু ঢালাওভাবে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।

‘গরিবের হাসপাতাল’ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির সেবার মানের ভূয়সী প্রশংসা করে তিনি লেখেন, এই হাসপাতালটি মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছিল। লাইসেন্স বাতিলের ফলে শেষ পর্যন্ত সাধারণ জনগণই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও উদ্বেগ প্রকাশ করে জানান যে, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার কারণে এখানে কয়েকশ শিক্ষার্থী ও নার্সিং কোর্সের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে তাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়বে। তাই শিক্ষার্থী ও জনস্বার্থের কথা বিবেচনা করে সরকার যেন দ্রুত এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বার্তায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। তবে স্বাস্থ্য অধিদফতরের ওই বার্তায় প্রতিষ্ঠানটিকে এক মাসের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আপিল করার সুযোগ রাখা হয়েছে।