বিশ্বকাপের উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপে লড়াই করে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় মেক্সিকো। একই গ্রুপের আরেক খেলায় দারুণ পারফরম্যান্স দেখায় দক্ষিণ কোরিয়া। প্রথমে পিছিয়ে পড়লেও তারা চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করে।
শুক্রবার (১২ জুন) গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ‘এ’ গ্রুপের দুই দল মুখোমুখি হয়। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে দক্ষিণ কোরিয়া। দলের নেতৃত্বে থাকা ৪০ বছর বয়সী সন হিউং-মিন আক্রমণাত্মক খেললেও তিনি গোল করতে পারেননি।
চেক প্রজাতন্ত্রকে ৫৯ মিনিটে এগিয়ে দেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। তবে পরে ম্যাচে ঘুরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া। হোয়াং ইন-বম ও ওহ হিউয়ান-গিউর গোলে ২-১ ব্যবধানে জয় পায় এশিয়ান দলটি। অন্যদিকে ২০ বছর পর বিশ্বকাপে ফিরে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করল চেক প্রজাতন্ত্র।
বিশ্বকাপে শেষ সাত আসরে নিজেদের প্রথম ম্যাচে কেবল একবারই হেরেছে দক্ষিণ কোরিয়া। সব মিলিয়ে বিশ্বকাপে তাদের জয় এখন আট ম্যাচে। এর মধ্যে ২-১ ব্যবধানে জয় পাওয়া চার ম্যাচেই তারা প্রথমে গোল হজম করেছিল। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এই ম্যাচের আগে বিশ্বকাপের মূলপর্বে দক্ষিণ কোরিয়ার সাত জয়ের ছয়টিই ছিল ইউরোপীয় দলের বিপক্ষে। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি জয়।
প্রথমার্ধে কোনো গোল না হওয়ায় সমতায় থেকেই বিরতিতে যায় দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ে দুর্বলতা দেখা যায় দুই দলেরই। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে বল পেয়ে হেডে গোল করেন চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। কিন্তু তাদের সেই লিড বেশি সময় স্থায়ী হয়নি, ৮ মিনিট পরই হোয়াং ইন-বমের গোলে ম্যাচে ফিরে আসে দক্ষিণ কোরিয়া।
৭৭তম মিনিটে আবারও লিডে ফিরতে যাচ্ছিল চেক প্রজাতন্ত্র। টমাস সৌচেক ফ্রি-কিক থেকে গোল করলেও সতীর্থের অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। এর তিন মিনিট পর পাল্টা আক্রমণে দক্ষিণ কোরিয়ার ওহ হিউয়ান-গিউ গোল করেন। তার নেওয়া শট গোলরক্ষক কোভারের হাতে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।