শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত নোরা ফাতেহি

মেক্সিকো সিটির পর এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক কানাডায় বসছে ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আসর। সনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে শুক্রবার (১২ জুন) টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে এই অনুষ্ঠানটি শুরু হবে। যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি।

কানাডার উদ্বোধনী মঞ্চে পা রাখার আগেই রেকর্ড সৃষ্টি করেছে নোরার নতুন ফিফা অফিশিয়াল গান ‘সির সির’। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ২০ মিলিয়নেরও (২ কোটি) বেশি ভিউ পার করে রেকর্ড গড়েছে এই গানটি।

এতে করে নোরা ভেঙে দিয়েছেন শাকিরার এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’এর রেকর্ড। শাকিরার গানটি প্রথম ২৪ ঘণ্টায় ভিউ পেয়েছিল ৮.২ মিলিয়ন। শাকিরাকে প্রায় দ্বিগুণেরও বেশি ব্যবধানে পেছনে ফেলে ‘সির সির’ এখন ফিফার ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশি দেখা থিম সং।

এই বৈশ্বিক অর্জন নিয়ে উচ্ছ্বসিত নোরা ফাতেহি বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। এই প্রজেক্টের মাধ্যমে আমি আমার মরক্কান এবং কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারত ও দক্ষিণ এশিয়ার মানুষের ভালোবাসাকে এক সুতোয় বাঁধতে পেরেছি। পর্দার পেছনের শক্তিশালী ভারতীয় প্রতিনিধিত্ব আমাদের এই কাজকে বিশ্বমঞ্চে অনন্য করে তুলেছে। এটি সংগীতের মাধ্যমে পূর্ব ও পশ্চিমকে এক করার একটি প্রয়াস।’

কানাডার টরেন্টো স্টেডিয়ামে ফরাসি গায়ক ভেজিড্রিম এবং ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশি-আমেরিকান জনপ্রিয় মিউজিক প্রডিউসার ও ডিজে সঞ্জয়কে সঙ্গে নিয়েই লাইভ পারফর্ম করবেন নোরা। পাশাপাশি কানাডার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে।