ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল কোনটি? উত্তরটি কে না জানে! সর্বোচ্চ ৫টি শিরোপা জিতে সফল দলের তকমাটি ব্রাজিলের গায়ে। ব্রাজিল একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছেও, বৈশ্বিক আসরের টিকিটের জন্য তাদের কখনো প্লে-অফ পর্বের মধ্যে দিয়ে যেতে হয়নি।
এই ব্রাজিল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলও করেছে। ১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২২ আসরের ১১৪ ম্যাচে তারা করেছে ২৩৭ গোল। প্রশ্ন হলো, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও ইংল্যান্ডের গোল কয়টি করে?
গোল করার হিসাবে ব্রাজিলের পরেই আছে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ আসরে অংশগ্রহণ করে তারা করেছে ২৩২ গোল। ক্রম অনুযায়ী এরপর আর্জেন্টিনার নাম, তিনবারের চ্যাম্পিয়নদের গোল অবশ্য দুশোর নিচে-১৫২টি। একশর ওপরে থাকা দলগুলোর মধ্যে ফ্রান্স ১৩৬, ইতালি ১২৮, স্পেন ১০৮ ও ইংল্যান্ড ১০৪ গোল করেছে।
ব্রাজিল যেমন গোল করায় শীর্ষে, তেমনি শীর্ষে গোল ব্যবধানেও। তাদের মতো ১২৯ গোল ব্যবধান আর কারো নেই, এমনকি জার্মানি বাদে একশর বেশি গোল ব্যবধান কেউ করতে পারেনি। ২৩২ গোল দেওয়ার বিপরীতে জার্মানি হজম করেছে ১৩০ গোল। আর্জেন্টিনা, ফ্রান্স ও ইতালির গোল ব্যবধান ৫১ করে।
ম্যাচ জয়েও ব্রাজিল শীর্ষে। ১১৪ ম্যাচের মধ্যে জিতেছে ৭৬টিতে, হার ১৯টি। জার্মানি ১১২ ম্যাচের মধ্যে জিতেছে ৬৮টিতে, হার ২৩টি। ৮৮ ম্যাচের ৪৭টিতে জেতার বিপরীতে আর্জেন্টিনা হেরেছে ২৪টিতে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২৮ ম্যাচে হারা মেক্সিকোর পরই আর্জেন্টিনার স্থান।