রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন করবে কর্তৃপক্ষ।
শুক্রবার (১২ জুন) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতর হাসপাতাল সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি আমরা যথাযথভাবে মেনে চলবো। একই সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয় এবং কোনো ধরনের ভোগান্তির মুখে না পড়েন, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা হবে। জনস্বার্থ ও রোগীদের সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তারিকুল ইসলাম মুকুল বলেন, যে ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে, সেটি ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ওই ওয়ার্ডের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
এ ছাড়া হাসপাতাল থেকে রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের সময় রোগীদের কোনো ধরনের ক্ষতি বা অসুবিধা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগীদের পাশে তারা অতীতের মতো এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।