ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১১০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় রজনী খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসব উদ্ধার করে।
আটক রজনী খাতুনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার কুন্দিপুর এলাকায়। বর্তমানে তিনি আলমডাঙ্গা উপজেলার আসাননগর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, চিত্রা এক্সপ্রেসের ‘ঘ’ বগির করিডোরে সন্দেহজনক আচরণ করতে দেখে মোছা. রজনী খাতুন হালিমা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে নামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা কালো রঙের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ বোতল এবং শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও ৬০ বোতল কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ১১০ বোতল সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, চিকিৎসকের পরামর্শে এসকাফ সিরাপ নির্দিষ্ট মাত্রায় কাশি এবং অ্যালার্জির উপসর্গের উপশমে ব্যবহৃত হলেও, বাংলাদেশে এটি অত্যন্ত ক্ষতিকর মাদক বা নেশাদ্রব্য হিসেবে অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে।