চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১১ জুন) বোর্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
বোর্ডের তথ্যমতে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে দেশের অভ্যন্তরে ৩০৯টি এবং দেশের বাইরে ৮টি কেন্দ্র রয়েছে। তালিকার পাশাপাশি কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইত্যাদির বিবরণও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করে জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র ও উত্তরপত্র সংগ্রহ করবেন এবং ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।
প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে এবং উত্তরপত্রগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।
এ ছাড়া ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে সব নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্রের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অথবা মনোনীত সিনিয়র শিক্ষক।