গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ‘আবিদ ডাইং’ কারখানার সামনে ময়লার স্তূপ থেকে এই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী ময়লার স্তূপে মরদেহটি পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধারের সময় তার পরনে ছিল একটি সাদা রঙ্গের টি-শার্ট ও প্যান্ট। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি তবে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।