শাকিরার বদলে বিশ্বকাপ উদ্বোধনীর মঞ্চে কি ‘বডি ডাবল’ ছিল?

২০২৬ বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পপ তারকা শাকিরা পারফর্ম করার পর থেকেই ইন্টারনেটে একটি অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই দাবি-মেক্সিকো সিটির মঞ্চে শাকিরার বদলে পারফর্ম করেছেন তার কোনো ‘বডি ডাবল’ বা রূপধারী ক্লোন। আসলেই কি তাই?

বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটিতে বর্ণিল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২৩তম ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী মঞ্চে জে বালভিন, মানা, লিলা ডাউনসের মতো বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি বরাবরের মতোই আলো ছড়িয়েছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা।

মজার বিষয় হলো, এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্বকাপের মঞ্চে উপস্থিতির দিক থেকে তার সাবেক সঙ্গী ফুটবলার জেরার্ড পিকেকেও ছাড়িয়ে গেছেন।

তবে উদ্বোধনী অনুষ্ঠানের আতশবাজি কিংবা চোখ ধাঁধানো মিউজিক-কোনোটিই নেটিজেনদের ততটা দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, যতটা পেরেছে এই নতুন ষড়যন্ত্র তত্ত্ব বা ‘কনস্পিরেসি থিওরি’। 

অনুষ্ঠান শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক দল দাবি করতে শুরু করেন যে, বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ গেয়ে যিনি মাঠ মাতাচ্ছিলেন, তিনি আসলে শাকিরা নন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং টিকটকে এই আলোচনা দ্রুত ছড়িয়ে পড়ে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘উনি শাকিরা হতেই পারেন না। ‘দাই দাই’ গাওয়ার সময় উনার নাচের স্টেপটা খেয়াল করুন, উনি তাল হারিয়ে ফেলেছেন। এটা নিশ্চিতভাবেই একজন ডাবল (রূপধারী)। শাকিরা সবার সঙ্গে প্রতারণা করেছেন।’

কিন্তু এই দাবির পেছনে নেটিজেনদের যুক্তি বা প্রমাণ কী? যারা এই তত্ত্ব ছড়াচ্ছেন, তাদের মূল বক্তব্য হলো-মঞ্চে তারকাকে দেখতে কিছুটা অন্যরকম লাগছিল।

সেদিন শাকিরা যখন মাঠে পারফর্ম করতে নামেন, তখন তার পরনে ছিল একটি জমকালো হলুদ পোশাক, সাদা শর্টস, প্ল্যাটফর্ম স্নিকার্স এবং চোখে ছিল একটি বড় ডার্ক সানগ্লাস। এছাড়া অনেক ভক্ত লক্ষ্য করেছেন, তার চুলের রঙও চিরচেনা শেডের চেয়ে কিছুটা আলাদা ছিল। সানগ্লাসে মুখের সিংহভাগ ঢাকা থাকা এবং সচরাচর লুকের চেয়ে একটু ভিন্ন চেহারার কারণেই মূলত টিকটক ও এক্সে জল্পনা-কল্পনার ডালপালা গজাতে শুরু করে।

তবে এখন পর্যন্ত শাকিরার জনসংযোগ বা পিআর টিমের পক্ষ থেকে এই গুজব প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিখুঁত বিষয় প্রমাণ করে যে, মাঠে থাকা ব্যক্তিটি আসলে স্বয়ং শাকিরা নিজেই ছিলেন।

দীর্ঘদিন ধরে শাকিরার বিভিন্ন ছবিতে লক্ষ্য করলে দেখা যায়, তার কপালে একটি ছোট্ট কাটা দাগ (স্কার) রয়েছে। উদাহরণস্বরূপ, চলতি বছরের মে মাসে নিউইয়র্কের একটি ইভেন্ট থেকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তোলা হাই-ডেফিনিশন ছবিগুলোতে এই দাগটি স্পষ্টভাবে দৃশ্যমান।

আর আসল সত্য এটাই যে- বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ক্লোজ-আপ ফুটেজ এবং ছবিগুলোতেও ঠিক একই জায়গায় সেই নিখুঁত কাটা দাগটি দেখা গেছে। তাই গুঞ্জন যতই ডালপালা ছড়াক না কেন, সবকিছু থেকে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানরে কোনো ‘বডি ডাবল’ নয়, স্বয়ং শাকিরাই পারফর্ম করেছেন। 

সূত্র: ইউরোনিউজ